নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বাছাই পর্বের দল

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। তাতে অংশ নিতে আগামী ৮ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হবে নারী দলের ক্রিকেটাররা। বাছাইপর্ব ১৮ তারিখ থেকে শুরু হলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগেই দেশ ছাড়বে নিগার সুলতানারা। রবিবার সন্ধ্যায় বিসিবি বাছাই পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

নির্বাচকরা অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই দল ঘোষণা করেছেন। কেননা এবার তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েদের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। নিয়ম অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দল খেলবে বাছাই পর্বের ফাইনাল। আর দুই ফাইনালিস্ট ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।

আগামী ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারের আসরে খেলবে ১০টি দল। দক্ষিণ আফ্রিকার তিনটি ভেন্যুতে খেলা হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৮ দল নির্বাচিত হওয়ার পর বাকি দুটি দলকে বাছাই পর্ব পেরিয়ে যেতে হবে।

বাছাই পর্ব খেলতে হলেও আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়। শুধু ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশের মেয়েদের আঞ্চলিক বাছাই খেলতে হয়নি। শুধু বাংলাদেশ নয়, এই সুযোগ পেয়েছে থাইল্যান্ডও। এই দুই দলকে দুই গ্রুপে রাখা হয়েছে। বাকি দলগুলো আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে সুযোগ পেয়েছে মূল বাছাইয়ে।

বাছাই পর্ব দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম এবং মাঠ সংলগ্ন একাডেমিতে চলবে। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। লাল-সবুজ জার্সিধারীদের দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, ১৯ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হবে তৃতীয় ম্যাচ।

পাশাপাশি দুই মাঠে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর। অন্যদিকে ফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ দল:  নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মোর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।