জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। কিন্তু দুই ম্যাচ পরই ইনজুরি আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন। এমনকি খেলতে পারেননি এশিয়া কাপেও। তবে ইনজুরি কাটিয়ে এই তরুণ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। পাশাপাশি সাকিব আল হাসানের ডেপুটি হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, সংক্ষিপ্ততম ফরম্যাটে দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ।
সোহান ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে হবে তাকেই। এরপর নিউজল্যিান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের সঙ্গে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিজের ভাবনার কথা জানাতে গিয়ে সোহান বলেছেন, ‘ওভাবে চিন্তা করিনি, দেখিওনি। বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে ভালো করতে পারছি না। মনে হয় যে দল হিসেবে ভালো করা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা যে খুব খারাপ খেলেছি তাও নয়। কিন্তু ক্লোজ ম্যাচ যেগুলো আমাদের দিকে আসতে পারতো, এই জায়গাটায় হেরে যাচ্ছি। ৫০-৫০ বা ৬০-৪০ চান্স যে ম্যাচগুলো, সেখানে উন্নতি করার একটা জায়গা আছে আমাদের।’
ত্রিদেশীয় সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচগুলো কতটা কাজে লাগবে- এমন প্রশ্নে সোহানের কথা, ‘আমরা যত ম্যাচ খেলবো, তত ম্যাচ টেম্পারমেন্ট বুঝে ওঠার জন্য ভালো হবে। অভিজ্ঞতাও হবে। আমার কাছে মনে হয় যে, নিউজিল্যান্ড যাওয়ার আগে একটা ক্যাম্প করতে পারছি, প্রস্তুতি ম্যাচ খেলতে পারছি, সেটা খুব ভালো।’
বিগত অনেক দিনই দেখা গেছে তিরে এসে তরী ডুবছে বাংলাদেশের। ম্যাচ জয়ের কাছে থেকেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এক্ষেত্রে সোহান মনে করছেন, ‘যখন একটা দল জেতার অবস্থায় থাকে, তখন দলের পরিস্থিতি বদলে যায়। আমরা ক্লোজ কিছু ম্যাচ হেরেছি, যেহেতু হেরে যাওয়া দলে ছিলাম, এটা অনেক সময় প্যানিক তৈরি করে। এক-দুটা ম্যাচ জিতলে এই জায়গা থেকে উন্নতি হবে। অবশ্যই বিশ্বাস করি যে, দল হিসেবে আমরা ভালো। কিন্তু সেরাটা হয়তো দিতে পারছি না, তবে জয়ের দিকে থাকলে বদলে যাবো।’
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কা। সেই দলটিই কিনা এশিয়া কাপের চ্যাম্পিয়ন। বাংলাদেশের কী লঙ্কানদের কাছ থেকে কিছু শেখার আছে? সোহানের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কা ভালো করছিল না। কিন্তু এশিয়া কাপে যেভাবে তারা কামব্যাক করেছে, সেটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার মতো। শুধু শ্রীলঙ্কা না, সব দল থেকেই কিছু না কিছু শেখার আছে। মনে করি, আমরা খুব ভালো দল কিন্তু মাঠে ফলটা আনতে হবে। এজন্য আমাদের কাছে প্রসেসটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে যদি কয়েকটি ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের দলটাও বদলে যাবে।’