নারী এশিয়া কাপে আজ মাঠে নেমেছিল শ্রীলঙ্কা-থাইল্যান্ড। এই ম্যাচে লঙ্কানদের জয় প্রত্যাশতই ছিল। আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান শ্রীলঙ্কান ওপেনার হর্ষিতা সামারাবিক্রমার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে রীতিমত ঝড় তুলেছিলেন। সেই ঝড়ে উড়ে গেছে থাইল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর লঙ্কানদের বিপক্ষেও দ্বিতীয় ম্যাচ হারলো থাই মেয়েরা। অন্যদিকে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হারার পর শ্রীলঙ্কা জিতলো টানা দুই ম্যাচ। মঙ্গলবার তাদের ১৫৭ রানের জবাবে খেলতে নেমে থাইল্যান্ড ১০৭ রান করলে ৪৯ রানের জয় পায় লঙ্কানরা।
আগে ব্যাট করে লঙ্কান দুই ওপেনার চামারি আতাপাত্তু ও হর্ষিতা সামারাবিক্রমা মিলে তুলে ফেলেন ৬৩। আতাপাত্তু ১২ রানে আউট হলেও ভয়ডরহীন ছিলেন সামারাবিক্রমা। ৬৯ বলে ১০ চারে ৮১ রানের ইনিংস খেলে থাই বোলারদের ঘাম ছুটিয়েছেন। সামারাবিক্রমার এটাই ক্যারিয়ার সেরা ইনিংস। এছাড়া নীলাক্ষী ডি সিলভা ২১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে শ্রীলঙ্কা। থাইল্যান্ডের বোলারদের মধ্যে থিপাতচা পুত্থাওং ২৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।
১৫৭ রানের জবাবে খেলতে নেমে থাইল্যান্ড কোনওমতে ১০৭ রান করতে পেরেছে। আগের দুই ম্যাচ থেকে থাই ব্যাটারদের ব্যাটিংয়ের উন্নতি হয়েছে যদিও। দলের হয়ে চানিদা সুত্থিরুয়াং ৪২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নান্নাপাট কনচারোয়েনকাই ২১ বলে ২৫ ও অধিনায়ক নারুমল চাইওয়াই খেলেন ২৫ বলে ১৯ রানের ইনিংস। লঙ্কান বোলারদের মধ্যে অচিনি কুলসুরিয়া সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।