মিচেলকে নিয়ে সুসংবাদ দিলো নিউজিল্যান্ড  

বৈশ্বিক টুর্নামেন্টের আগে তার চোটের খবর নিউজিল্যান্ডকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। চূড়ান্ত আপডেট জানার পর নিশ্চিত হওয়া গেলো উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের হয়ে ঠিকই খেলতে পারবেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

নেটে অনুশীলন করতে গিয়ে মিচেল ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান। ফ্র্যাকচার হওয়ায় চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, ২২ অক্টোবর সিডনিতে অনুষ্ঠেয় প্রথম ম্যাচটিতে তার মাঠে ফেরার জন্য বেশি দ্রুত হয়ে যাবে। ফলে তাকে দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়ার প্রত্যাশা করছেন, ‘সুসংবাদটি হচ্ছে মিচেল আমাদের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছে। আমরা যখন দলে মিচেলের অবস্থান ও চোট থেকে সেরে ওঠা নিয়ে ভাবছিলাম। তখনও তার ব্যাপারে আশাবাদী ছিলাম যে হয়তো প্রথম ম্যাচেই সুস্থ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকে ভাবলে সেটা হবে বাস্তবসম্মত ব্যাপার।’     

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইরা ফাইনালে পৌঁছাতে পেরেছে মিচেলের দুর্দান্ত ব্যাটিংয়েই। ৭ ইনিংসে তার সংগ্রহ ছিল মোট ২০৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৪০। সেমিফাইনালে তার অপরাজিত ৭২ রানে ভর করেই ফাইনালে পৌঁছায় তারা। এর পর থেকে সংক্ষিপ্ততম ফরম্যাটে ১৩ ইনিংসে মিচেল ১৪৪.৭১ স্ট্রাইক রেটে ৩০১ রান করেছেন।

এদিকে ইনজুরিতে থাকা পেসার লকি ফার্গুসনকে নিয়েও আশাবাদী নিউজিল্যান্ড। ধারণা করা হচ্ছে তাকে টুর্নামেন্টের প্রথম থেকেই পাওয়া যাবে। 

বিশ্বকাপে নিউজিল্যান্ড সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে খেলবে। তাদের গ্রুপ সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও প্রথম পর্ব থেকে আসা দুটি দল। তাদের প্রথম ম্যাচ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ অক্টোবর।