টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় সুখবর পেলো পাকিস্তান। ব্যাটিং লাইনআপে শক্তি বাড়াতে চোট সারিয়ে ফিরেছেন ফখর জামান। লেগস্পিনার উসমান কাদিরের জায়গায় ফিরেছেন তিনি।
হাঁটুর ইনজুরিতে অনিশ্চিত থাকায় ফখরকে প্রথম রাখা হয়েছিল রিজার্ভ বেঞ্চে। সুস্থ হয়ে উঠায় কাদিরের জায়গায় ১৫ সদস্যের দলে ঢুকলেন তিনি।
২৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া কাদিরকে নিয়ে পিসিবি বলেছে, আগামী ২২ অক্টোবর পর্যন্ত তিনি বিবেচিত হবেন না। তার পর দলে কেউ চোট পেলে উসমানকে ফিরিয়ে আনা যাবে। সেকারণে উসমান সফরকারী রিজার্ভ হিসেবে থাকবেন।
অভিজ্ঞ ব্যাটার ফখরের মতো হাঁটুর ইনজুরিতে ছিলেন পেসার শাহীন আফ্রিদিও। দুজনেই হাঁটুর চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে গেছেন। তাদের শনিবার ব্রিসবেনে পাকিস্তানের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ফিট হয়ে ওঠায় দুজনই প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারবেন। ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান ( ভাইস ক্যাপ্টেন), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি ও শান মাসুদ।
রিজার্ভ: মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।