ক্রিকেটের প্রতিটি মুহূর্ত টেলিভিশনে জীবন্ত করে তুলতে অবদান রাখে ধারাভাষ্যকারের কণ্ঠ। আর বৈশ্বিক টুর্নামেন্টে এলে চেনা কণ্ঠের সঙ্গে দেখা মেলে নতুনদেরও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও ব্যতিক্রম নয়। অস্ট্রেলিয়া বিশ্বকাপে যারা ধারাভাষ্যকক্ষ মাতাবেন, তার তালিকা দিয়েছে আইসিসি। বাংলাদেশ থেকে বরাবরের মতো কমেন্ট্রি প্যানেলে থাকছেন আতহার আলী খান।
বৈশ্বিক টুর্নামেন্ট দিয়ে আইসিসির ধারাভাষ্যে এবার অভিষেক হচ্ছে ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের। তার সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অ্যাডাম গিলক্রিস্ট, মেল জোন্স, শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কার্লোস ব্র্যাথওয়েটরও দেখা মিলবে আসরে। তার সঙ্গে থাকবেন স্যামুয়েল বদ্রি, শন পোলক, সুনীল গাভাস্কার ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন।
আরও যারা থাকছেন- নাসের হুসেন, মাইকেল আথারটন, রবি শাস্ত্রী, ইশা গুহা, হার্শা ভোগলে, ইয়ান স্মিথ, বায়জিদ খান, নাটালি জার্মানোস, মার্ক হাওয়ার্ড, ইয়ান বিশপ, সাইমন ডুল, রাসেল আর্নোল্ড, ড্যানি মরিসন ও পমি এমবাঙ্গুয়া।