জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম। তার ১১০ রানের ওপর ভর করে রাজশাহী বিভাগ ১০ উইকেটে ঢাকা মেট্রোকে হারিয়েছে। মুশফিকের সেঞ্চুরির পর মেট্রোকে অল্পরানে বেঁধে ফেলতে ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মুশফিকের হাতেই।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩৪ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। এরপর মুশফিকের অনবদ্য সেঞ্চুরি, জুনায়েদ সিদ্দিকির ৫৩ এবং ফরহাদ রেজার ৬৩ রানে ভর করে রাজশাহী ৩৬৬ রান সংগ্রহ করেছে। ২৩২ রান পিছিয়ে থেকে মেট্রো তাইজুলের ঘূর্ণি জাদুর শিকার হয়েছে। বাঁহাতি এই স্পিনারের দারুণ বোলিংয়ে ২৬৮ রানে অলআউট হয়েছে ঢাকা। সর্বোচ্চ ৬১ রান আসে মার্শাল আইয়্যুবের ব্যাট থেকে। এছাড়া সাদমান ইসলাম ৫২ ও জাহিদুজ্জামান খান ৫৯ রানের ইনিংস খেলেন।
প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। ৩৬.৩ ওভার বোলিং করে ১০৯ রান খরচায় তাউজুলের শিকার ৬ উইকেট। ফরহাদ রেজাও নেন দুটি উইকেট। প্রথম ইনিংসে ২০ রান খরচায় তিন উইকেট শিকার করেছিলেন ফরহাদ।
৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রাজশাহীর দুই ওপেনার অনায়াসেই জয় নিশ্চিত করেছেন। জহুরুল ইসলাম ১৬ ও জুনায়েদ সিদ্দিকি ২০ রানে অপরাজিত থেকে ১০ উইকেটে জয় নিশ্চিত করেন।