আম্পায়ারের চোখ কোথায় থাকে, প্রশ্ন রুবেলের?

ভারতের বিপক্ষে ‘বাজে’ আম্পায়ারিংয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে রবিবার পাকিস্তানের বিপক্ষেও একই পরিণতি সাকিব আল হাসানের দলের। ভারতের বিপক্ষে বিরাট কোহলির ফেক ফিল্ডিং আম্পায়ারদের চোখ এড়িয়ে গেছে। ফিল্ড আম্পায়ারদের না হয় চোখ এড়াতেই পারে। তাই বলে টিভি আম্পায়ারদের চোখ এড়ায় কী করে? পাকিস্তানের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে সাকিব রিভিউ নিলে টিভি আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তেই মত দেন। টিভি রিপ্লেতে দেখে টিভি আম্পায়ারের চোখ এড়ায় কী করে? জাতীয় দলের পেসার রুবেল হোসেনের প্রশ্ন এখানেই?

বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের করা পঞ্চম বলে সাকিবের বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন ওঠে। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক একটু সময় নিয়ে আঙুল তুলে দেন। সঙ্গে সঙ্গেই সাকিব রিভিউ নেন। টিভি রিপ্লেতেও দেখা যায়— বল প্যাডে লাগার আগে সাকিবের ব্যাটের নিচের অংশে আঘাত হানে। তবে অবাক করে দিয়ে টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে সাকিবকে আউট দিয়েছেন।

আউট হওয়ার পর মাঠেই বিস্ময় প্রকাশ করেন সাকিব। ফিল্ড আম্পায়ারের কাছে জানতে চেয়েছিলেন আউট হওয়ার কারণ। কিন্তু তখনও মাঠ ছাড়তে চাচ্ছিলেন না। আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত ধরে সাকিবকে মাঠ ছাড়ার অনুরোধ করেন মাঠে থাকা দুই আম্পায়ার। গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের বিতর্কিত আউটে ছন্দপতন হয় বাংলাদেশের। আর এই ছন্দপতনেই বাংলাদেশ ৫ উইকেটে ম্যাচ হেরে যায়!

ম্যাচ শেষে রুবেল নিজের ফেসবুকে আম্পায়ারদের সমালোচনা করে লিখেছেন, ‘খেলায় হার-জিত থাকবেই। ক্রিকেটকে যদি বাণিজ্যিকভাবে বেশি গুরুত্ব দেওয়া হয়— তাহলে এ রকম ডিসিশন হওয়াটাই স্বাভাবিক। আমি জানি না ভদ্রলোক তার চোখটা কোথায় রেখেছিলেন, পুরো মোমেন্টামটাই নষ্ট করে দিলো। কিন্তু এটাও সত্যি আজ  আমরা ভালো ব্যাটিং করিনি…। ব্যাডলাক সাকিব-আল-হাসান...এটা নতুন কিছু নয় আমাদের কাছে। কেন জানি আমরা সব সময় দাদাদের কাছে হেরে যাই...।’