ভারতে সান্ত্বনার জয় পেয়েছেন মিঠুন-মুমিনুলরা। প্রথম দুই ওয়ানডে হেরে তামিলনাড়ু একাদশের বিপক্ষে আগেই সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার ১৯ রানের জয়ে কোনও মতে মান বেঁচেছে মিঠুন-মুমিনুল-এনামুলদের নিয়ে গড়া দলটির। চারদিনের সিরিজ ১-০ ব্যবধানে জিতলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছে মিঠুনের দলকে।
বৃহস্পতিবার চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করে তৌহিদ হৃদয়ের ৬৬ ও এনামুল হক বিজয়ের ৪২ রানে ভর করে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নাঈম হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি সাইফ-তাইজুল-খালেদের জোড়া উইকেটে পরাস্ত হয় স্বাগতিক দল। ১৪ বল আগেই তামিলনাড়ু একাদশ ২০১ রানে অলআউট হয়েছে। সর্বোচ্চ ৭০ রান আসে প্রদোষ রঞ্জন পালের ব্যাট থেকে। এছাড়া ড্যারিল ফেরারি ৪০ রানের ইনিংস খেলেছেন।
খালেদ ছাড়া বাকিরা নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষ ব্যাটারদের চেপে রেখেছিলেন। সবচেয়ে কৃপণ বোলিং করেছেন নাঈম হাসান। ১০ ওভার বল করে মাত্র ২৪ রান খরচ করে তার শিকার ছিল এক উইকেট। খালেদ, তাইজুল ও সাইফ দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৮ রানে সাদমান ইসলাম (১) ও সাইফ হাসান (২) সাজঘরে ফেরেন। এরপর মুমিনুল ও এনামুল মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন তারা। ২২ বলে ১৬ রান করে মুমিনুল আউট হয়েছেন। ভারত সফরে দুই ফরম্যাট মিলিয়েই খুব বাজে সময় কেটেছে তার।
মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে নিয়ে এনামুল আরও ৩০ রান যোগ করেছেন। দারুণ খেলতে থাকা এনামুল হুট করেই ৪৪ বলে ৪২ রান করে আউট হন। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণের মধ্যে বিদায় নেন অধিনায়কও। ৩৩ বলে ২৩ রান করেন এই ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তৌহিদ হৃদয়। তার ৭৪ বলে ৬৬ রানে ২২০ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে লাল-সবুজ জার্সিধারীরা।