২০২৪ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ ইভেন্টের আয়োজক দেশগুলোর নাম অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই সময়কালে যুব দলের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর আয়োজক হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নামিবিয়া, বাংলাদেশ ও নেপালকে। মার্টিন স্নেডেনের সভাপতিত্বে গঠিত বোর্ড বিডিং প্রক্রিয়ায় মাধ্যমে আয়োজকদের নাম চূড়ান্ত করেছে। কমিটির সুপারিশ গ্রহণ করে আইসিসি সেই তালিকা প্রকাশও করেছে।
২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা। ২০২৬ সালের আসরটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ২০২৫ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে। তার আগে ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। এরপর ২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।
২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দল বাছাই প্রক্রিয়াও অনুমোদন পেয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতি গ্রুপের সেরা তিনটি দল সরাসরি জায়গা পাবে। বাংলাদেশ সেরা তিনে না থাকলেও সমস্যা নেই। স্বাগতিক হিসেবে তারা সরাসরি খেলার সুযোগ পাবে। এছাড়া ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পরবর্তী শীর্ষ দল যোগ দেবে সপ্তম ও অষ্টম দল হিসেবে। বাকি দুটি দল চূড়ান্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে।
অনুমোদন পেয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ১৪ দলের বাছাই প্রক্রিয়াও। স্বাগতিক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি খেলবে। বাকি চার দল নির্বাচিত হবে বৈশ্বিক বাছাই থেকে।