ঢাকার মালিকানায় পরিবর্তন 

বিপিএলে তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাচাই-বাছাই শেষে ৭টি প্রতিষ্ঠানকে ঠিকও করে ফেলেছিল। তখন ঢাকার মালিকানা পায় প্রগতি অটো রাইস মিলস লিমিটেড। কিন্তু নির্ধারিত সময়ে আর্থিক শর্ত পূরণ করতে না পারায় তাদের চুক্তি বাতিল করেছে বিসিবি। ঢাকার নতুন মালিকানা পেয়েছে রূপা ফ্যাব্রিকস। 

বিসিবির ডাকে সাড়া দিয়ে যে ৯টি প্রতিষ্ঠান এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দিয়েছিল। রূপা ফ্যাব্রিকস তাদেরই অন্যতম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মূলত নির্ধারিত ১০ কোটি টাকা গ্যারান্টি মানি জমা না দেওয়াতেই মালিকানা হারিয়েছে প্রগতি অটো রাইস মিলস।

বাকি ৬টির মালিকানায় রয়েছে- ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ড ট্রি লিমিটেড (খুলনা), ফিউচার স্পোর্টস লিমিটেড (সিলেট), বসুন্ধরার টগি স্পোর্টস লিমিটেড (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম) ও কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

তিন ভেন্যুতে আগামী আসরে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। মোট ম্যাচ ৪৬টি। এবার থাকছে না কোনও আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজনকে অন্তর্ভুক্ত করা যাবে। বাকিদের প্লেয়ার্স ড্রাফট থেকে নিতে হবে।