হতে পারে বিশ্বকাপে ফেভারিট নয় ডেনমার্ক। তবে যেভাবে তারা কোয়ালিফাই করে এসেছে এবং ইউরোতে লড়াই করেছে। তাতে সহজভাবেও ফেলে দেওয়া যাবে না। দলটির তরুণ প্লেমেকার মিকেল ডামসগার্ডও মনে করেন, খুব কম দলই তাদের মুখোমুখি হতে চাইবে।
বিশ্বকাপে প্রথম দিকে কোয়ালিফাই করা দলের অন্যতম ডেনমার্ক। গ্রুপ জয়ী হয়েই মূল পর্বের টিকিট কাটা তাদের। ১৮ মাস আগে ইউরোতে সেমিফাইনালও খেলেছে। এই কারণে ডেনমার্ককে উঁচুতে রাখা হয় বলে মত ডামসগার্ডের, ‘আমার ধারণা যেভাবে আমরা ইউরো ও বাছাই খেলেছি। তাতে অনেকেই আমাদের উঁচুতে রেখে ভাবে।’ তাই বলে নিজেদের ফেভারিটের কাতারে রাখছেন এমনও নয়, ‘অবশ্যই আমরা ফেভারিট নই। আবার কেউ আমাদের খাটো করেও দেখে না। আমার মনে হয় কেউ আমাদের মুখোমুখি হতে চাইবে না। বিশেষ করে বড়দলগুলো।’
মঙ্গলবার গ্রুপ ‘ডি’ তে ডেনমার্কের প্রথম ম্যাচ তিউনিসিয়ার বিপক্ষে। তবে কঠিন পরীক্ষা দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার বেলায়। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড তিউনিসিয়াকেও খাটো করে দেখতে চান না, ‘হতে পারে তিউনিসিয়ার চেয়ে আমরা ভালো দল। কিন্তু তাদের কোনওভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। আশা করবো শুরুতেই ম্যাচটার নিয়ন্ত্রণ নিতে। এবং তাদের কোনও সুযোগ না দিতে।’