ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ককে ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ দলকে। শুধু তাই নয়, আগামী দুই সপ্তাহে তামিমের উন্নতি না হলে টেস্ট সিরিজ থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রকট। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে কুঁচকিতে চোট পান ওয়ানডে অধিনায়ক তামিম। ফলে তাকে নিয়েও শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো, কুঁচকির চোটে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। বুধবার নিজেদের মধ্যে ম্যাচের আবহে অনুশীলনের সময় চোট পান বাংলাদেশের অধিনায়ক। চোটের অবস্থা বুঝতে আজ বৃহস্পতিবার স্ক্যান করানো হয়। বিসিবির মেডিকেল বিভাগ থেকে তামিমকে কমপক্ষে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ১০ ডিসেম্বর। এরপর ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট ২২ ডিসেম্বর। টেস্ট সিরিজ শুরুর আগে পুরো দুই সপ্তাহও নেই তামিমের। এই অবস্থায় টেস্ট সিরিজ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম খান বলেছেন, ‘তামিমের ইনজুরি গ্রেড-১ ক্যাটাগরির। ডান পায়ের কুচকি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমআরআই করানোর পর সেসব জানা গেছে। এই কারণে আগামী দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তামিমকে। দুই সপ্তাহ পুরো বিশ্রামের পর রিহ্যাব শুরু হবে। দুর্ভাগ্যবশত ওয়ানডে সিরিজ থেকে তামিম ছিটকে যেতে হয়েছে। তবে শঙ্কায় টেস্ট সিরিজও।’
আগামী ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক তামিমের ছিটকে যাওয়াতে নতুন অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বোর্ডকে। বিসিবি সভাপতি বৃহস্পতিবার জানিয়েছিলেন, ফিজিওর ঘোষণার পর অধিনায়ক নিয়ে চিন্তা করবেন তারা। হয়তো শুক্রবার জানা যাবে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন কে?
এদিকে তামিমের আগে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। পিঠের সমস্যায় ভুগছেন এই পেসার।