ভজেসের রেকর্ডের দিনে অসিদের দাপট

অ্যাডাম ভজেস অপরাজিত ১৭৬ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট এখনও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে প্রথম ইনিংসে ৪৬৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে অসিরা। অসিদের লিড দাঁড়িয়েছে ২৮০ রান।
ক্রিজে আছেন অ্যাডাম ভজেস ১৭৬ ও পিটার সিডল ২৯। শনিবার প্রায় দিনটাই দাপটে খেলেন ওসমান খাজা ও অ্যাডাম ভজেস। খাজা ১৪০ রানে আউট হলেও অপরাজিত আছেন ভজেস। শুধু তাই নয় এদিন অনন্য এক অর্জনের পাশে নাম লিখিয়েছেন তিনি। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই ডিসমিসালের মাঝে আউট না হয়ে ৫০০ টেস্ট রান করেছেন। সঙ্গে সেঞ্চুরি করে ৩৫ বছরের পর অভিষিক্ত ক্রিকেটারদের মধ্যে সবেচয়ে বেশি সেঞ্চুরির কীর্তিও গড়েছেন অসি এই ক্রিকেটার।
এরমধ্য দিয়ে ভজেস ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। ২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুই ডিসমিসালের মাঝে ৪৯৭ রান করেছিলেন টেন্ডুলকার। টেন্ডুলকারের ১২ বছরের সেই রেকর্ডটি এবার ভাঙলেন ভজেস।

গত ডিসেম্বরে হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অপরাজিত ২৬৯ রান করেছিলেন ভজেস। পরে মেলবোর্নে অপরাজিত ১০৬ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে অপরাজিত আছেন ১৭৬ রানে। মোট রান অপরাজিত ৫৫১!

এর আগে প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।

/এফআইআর/