বাংলাদেশের হয়ে মিরাজের অনন্য রেকর্ড

মিরাজ।আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের চলতি আসরে পরপর তিনটি হাফসেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শনিবার মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুলে নেন ৫৩। এর আগে দুই ইনিংসে তার রান ছিল ৬০ ও ৫৫*।
এক হিসেবে এটি মিরাজের ধারাবাহিক চতুর্থ হাফসেঞ্চুরি। ৩১ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলার পর পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার সুযোগই পাননি। তবে পরের দুই ম্যাচে তুলে নেন দুটি হাফসেঞ্চুরি।
শনিবার বল হাতে যেমন দ্যুতি ছড়িয়েছেন তেমনি ব্যাট হাতেও ছড়িয়েছেন। এদিন ফতুল্লা খান ওসমান আলী স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বিশ্বকাপে বাংলাদেশের কোনও ব্যাটসম্যানের টানা তিন হাফসেঞ্চুরির রেকর্ড নেই। মিরাজই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন।

এদিকে যুব ওয়ানডেতে টানা তিন হাফসেঞ্চুরির রেকর্ড আছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের। শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর টানা তিন ম্যাচে করেছিলেন ৬৯, ৫০ ও ৯২। এছাড়া মেহেদী হাসান মিরাজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে করেছিলেন ৬৩, ৫৭ ও ৬১। রান।

উল্লেখ্য, ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে উইকেট শিকারের দিক থেকে এই আসরে সপ্তম স্থানে আছেন মিরাজ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাট হাতে ২৪২ রান করে ১২তম অবস্থানে আছেন তিনি।

/আরআই/এফআইআর/