জীবন পাওয়া শ্রেয়াসকে বিদায় দিলেন এবাদত

আগের দিন ৬ উইকেট তুলে নেওয়ায় ভারতকে দ্বিতীয় দিন দ্রুত বেঁধে ফেলার পরিকল্পনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সেই পরিকল্পনায় তারা সফলও হয়েছে শ্রেয়াস আইয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করে। ভারতীয় ব্যাটারকে বোল্ড করেছেন এবাদত হোসেন। ১০০ ওভার শেষে ৭ উইকেটে ভারতের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ২৯৩। ক্রিজে আছেন রবিচন্দ্রন অশ্বিন (১১) ও কুলদীপ যাদব (০)।   

আগের দিন দুইবার জীবন পাওয়া আইয়ার জীবন পেয়েছেন দ্বিতীয় দিনেও। তখন তিনি ৮৫ রানে ব্যাট করছিলেন। এবাদতের শর্ট বলে হুক করতে গেলে বল লিটন দাস ফাইন লেগে তা লুফে নিতে পারেননি। শেষ পর্যন্ত সেই এবাদতের বলেই ফিরতে হয়েছে। ফেরার আগে ১৯২ বলে ৮৬ রান করেছেন শ্রেয়াস। তাতে ছিল ১০টি চার। গতকাল শেষ বিকালেও এবাদত বোল্ড করেছিলেন তাকে। কিন্তু স্ট্যাম্পের বেলস না পড়ায় নিয়মঅনুযায়ী নটআউট থাকেন শ্রেয়াস।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিন ৬ উইকেটে ২৭৮ রানে শেষ করেছে। গতকাল শ্রেয়াস আইয়ার-পূজারার ব্যাট থেকেই আসে মূল প্রতিরোধ। বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায় জীবন পেয়েছেন দুজনেই। পূজারাকে শেষ বিকালে ৯০ রানে বিদায় দিয়ে জুটি ভাঙেন তাইজুল। তার পর মিরাজ অক্ষর প্যাটেলকেও ফেরালে শেষটা সম্ভাবনায় হয়ে উঠে।