সাকিব-মুমিনুলে প্রথম সেশনে দৃঢ়তা দেখালো বাংলাদেশ

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টা অবিচ্ছিন্ন থেকেই পার করেছিলেন জাকির-শান্ত। চার বলের ব্যবধানে দুই ওপেনার বিদায় নিলে চাপেও পড়তে হয় তাদের। সেখান থেকে প্রথম সেশনের বাকি সময় সাকিব আল হাসান-মুমিনুল হকের দৃঢ়তাতেই পার করেছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটে ৮২ রান। সাকিব ব্যাট করছেন ১৬ রানে। আর মুমিনুল ২৩ রানে।

বাজে ফর্মে আগের দুই টেস্টের একাদশে মুমিনুল সুযোগ পাননি। ভারতের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়েই ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বামহাতি ব্যাটার। কারণ আগের ৯ ইনিংসে দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি মুমিনুল। সাকিব-মুমিনুল জুটি ৪৩ রান যোগ করেছে। তাদের আগে উদ্বোধনী জুটি প্রথম ঘণ্টায় বিনা উইকেটে যোগ করে ৩৭ রান। আর দুই রান যোগ হওয়ার পর ১৪তম ওভারে জাকিরকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন উনাদকাট।

উনাদকাটের বাড়তি বাউন্সের বলে কাট করতে গিয়েই বিপদ ডেকে আনেন জাকির। গ্লাভস ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তাতে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে তার বিদায়ে। প্রথম টেস্টে সেঞ্চুরি করা জাকির ৩৪ বলে ১৫ রান করেছেন।

পরের ওভারে অশ্বিনের বলটি ঠিকমতো বিচার করতে পারেননি শান্ত। পা বাড়িয়ে ডিফেন্ড করেছিলেন। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আঙুলও তুলে দেন। পরে রিভিউ নিয়েও শান্ত বাঁচতে পারেননি। জাকিরের পর ফেরা শান্ত ২৪ রান করতে পেরেছেন।

অবশ্য দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলেছিলেন অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া জাকির। কিন্তু উমেশ যাদবের বলে ডিপ ফাইন লেগে তার ক্যাচ হাতে রাখতে পারেননি মোহাম্মদ সিরাজ। বরং সেই চেষ্টায় এই পেসার উল্টো কাঁধে ব্যথা পেয়েছেন। তার পর থেকে অবশ্য সতর্ক থেকেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করে যাচ্ছিলেন। সেই জুটি ভাঙলেন এক যুগ পর টেস্ট দলে ফেরা উনাদকাট।