দলে ইনজুরি থাকার পরেও বক্সিং ডে টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রোটিয়াদের ১৮৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ঘোষণা করেছে প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৫ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। চা বিরতির একটু পর বৃষ্টি নামলে তৃতীয় দিনের খেলা আগেভাগে শেষ হয়েছে। প্রোটিয়ারা পিছিয়ে আছে ৩৭১ রানে।
ওপেনার সারেল এরউই ৭ রানে ক্রিজে আছেন। তিন নম্বরে ৬ রানে ব্যাট করছেন থিউনিস ডি ব্রুইন। দ্বিতীয় ওভারে ওপেনার ডিন এলগারকে ফিরিয়ে শুরুতেই প্রোটিয়াদের বিপদে ফেলে দেন পেসার প্যাট কামিন্স। রানের খাতা খুলবার আগেই এলগারকে গ্লাভসবন্দি করিয়েছেন। আঙুলের ইনজুরি নিয়ে মিচেল স্টার্কও বল করেছেন। ৪ ওভার বল করে মেডেন দিয়েছেন একটি। খরচ করেছেন ১৩টি রান।
৩ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৫৪ ওভার ব্যাট করেছে তৃতীয় দিন। রানের পাহাড় গড়তে যোগ করেছে আরও ১৮৯ রান। অষ্টম উইকেটে ক্যারি-গ্রিনের ১১২ রানের জুটিতেই আসে মূল প্রতিরোধ। আঙুলের চোট নিয়েও গ্রিন ১১৭ বলে শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থেকেছেন। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিতে পেরেছেন ক্যারি। ১৪৯ বলে বিদায় নেওয়ার আগে ১১১ রানের ইনিংস খেলেছেন। আগের দিন ৪৮ রান নিয়ে ব্যাট করতে নামা ট্রাভিস হেড আর ৩ রান যোগ করে নর্কিয়ার ওভারে বোল্ড হয়েছেন। রিটায়াহার্ট হার্ট হয়ে গতকাল মাঠ ছাড়া ওয়ার্নারও (২০০) বোল্ড হয়েছেন তার পরের ডেলিভারিতে।
৯২ রানে ৩ উইকেট নিয়েছেন আইনরিখ নর্কিয়া। ১৪৪ রানে দুটি নেন কাগিসো রাবাদা। একটি করে নিয়েছেন লুঙ্গি এনগিদি ও মার্কো ইয়ানসেন।
সংক্ষিপ্ত স্কোর তৃতীয় দিন শেষে:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬৮.৪ ওভারে ১৮৯ (ইয়ানসেন ৫৯, ভেরেইন ৫২; গ্রিন ৫/২৭, স্টার্ক ২,৩৯)
দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে ১৫/১ (ব্রুইন ৬*, এরউই ৭*)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৪৫ ওভারে ৫৭৫/৮ ডি. (ওয়ার্নার ২০০, ক্যারি ১১১, স্মিথ ৮৫, গ্রিন ৫১*, হেড ৫১; নর্কিয়া ৩/৯২, রাবাদা ২/১৪৪)