জয়াবর্ধনে-সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন শানাকা

এতদিন টি-টোয়েন্টিতে লঙ্কানদের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারা। দুজনেই ২১ বলে ফিফটি ছুঁয়েছিলেন। দীর্ঘ ১৬ বছর পর রেকর্ড ভেঙে লঙ্কানদের হয়ে চূড়ায় বসেছেন বর্তমান অধিনায়ক দাসুন শানাকা।

২০০৭ সালে প্রথমবার কেনিয়ার বিপক্ষে ২১ বলে দ্রুততম ফিফটিটি করেছিলেন জয়াবর্ধনে। এর দুই বছর পর ২১ বলে ফিফটি ছুঁয়েছেন সাঙ্গাকারাও। উইকেটকিপার ব্যাটার অবশ্য ভারতের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করেছিলেন। 

পুনেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শানাকার রেকর্ড ইনিংসে ভর করেই রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে লঙ্কানদের ১৬ ওভারে স্কোর ছিল ৬ উইকেটে ১৪৭। সেখান থেকে শেষ তিন ওভারে শানাকার বিস্ফোরক ব্যাটিংয়ে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২০৬ রান! শানাকা ২২ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থেকেছেন। তার আগে বড় স্কোরের মঞ্চ গড়ে দিতে অবদান রাখে কুশল মেন্ডিসের ৫২ রানের ইনিংস। ভারতের হয়ে ৪৮ রানে ৩ উইকেট নেন উমরান মালিক। ২৪ রানে দুটি নেন অক্ষর প্যাটেল।

এর পর ভারত ৮ উইকেটে ১৯০ রানে থামলে ১৬ রানের জয় পায় লঙ্কানরা। মূলত ৫৭ রানে ৫ উইকেট হারিয়েই জয়ের কক্ষ পথ থেকে দূরে সরে যায় স্বাগতিক দল। সূর্যকুমার ৩৬ বলে ৫১ ও অক্ষর ৩১ বলে ৬৫ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে চেষ্টা করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।  

লঙ্কানদের জয়ে ১-১ সমতাও ফিরেছে সিরিজে। শ্রীলঙ্কার হয়ে মাত্র ৪ রানে দুটি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন শানাকা। ম্যাচসেরাও তিনি। ২২ রানে ও ৪৫ রানে সমসংখ্যক উইকেট নেন কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কাও।