খাজাকে হতাশ করলো বৃষ্টি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের দুই টেস্ট জিতে তাদের হোয়াইটওয়াশ করার প্রত্যাশায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে যাচ্ছে বৃষ্টি। সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে।

বৃষ্টি আবার উসমান খাজাকেও ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পাওয়া থেকে বঞ্চিত করেছে। গতকাল ১৯৫ রান করা খাজা এই স্কোরেই অপরাজিত আছেন। তার সঙ্গে ৫ রানে ব্যাট করছেন ম্যাট রেনশ।

অবশ্য বৃষ্টি আর আলোর স্বল্পতায় এরই মধ্যে ৪৯ ওভার নষ্ট হয়েছে। বাকি দুই দিনে ১৯৬ ওভারের খেলা বাকি। অধিনায়ক প্যাট কামিন্সকে তাই ভাবতে হবে খাজাকে ডাবল সেঞ্চুরি বঞ্চিত করে ইনিংস ঘোষণা করবেন নাকি আরও কিছুক্ষণ ইনিংসটাকে চালিয়ে নেবেন।

দুই দিনের খেলায় অস্ট্রেলিয়া ১৩১ ওভারে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে। যার পেছনে স্মিথ-খাজার ২০৯ রানের জুটির বড় অবদান।