দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের আগে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে তার চুক্তি ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপ শেষ হতেই শ্রীরামের মেয়াদ শেষ হয়। বেশ কিছু বিষয়ে একমত হতে না পারায় শ্রীরামের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তবে শুক্রবার (৬ জানুয়ারি) হুট করেই ঢাকায় এসেছেন ভারতীয় এই কোচ। তাহলে কি নতুন করে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি! যদিও বিষয়টি এখনও আলোচনার টেবিলেই আছে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
শুক্রবার বাংলাদেশে এসে সোজা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলে আসেন শ্রীরাম। সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি প্রেসিডেন্ট বক্সে বসে দেখেন ভারতীয় এই কোচ। সেখানেই শ্রীরামের সঙ্গে আলোচনার টেবিলে বসেন সংশ্লিষ্টরা। ওই সভাতে সাকিব উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে শ্রীরামের সঙ্গে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে পারে বিসিবি! যদিও সব কিছুই আছে আলোচনার পর্যায়ে। শ্রীরামের অধীনে বাংলাদেশ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে চারটিতে জিতেছে, বাকি ৯টি ম্যাচ হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।
আগামী শনিবার শ্রীরাম ঢাকা ত্যাগ করবেন। শ্রীরামের কোচ হওয়ার বিষয়টি আলোচনার টেবিলে থাকলেও আগামী ২৫ জানুয়ারি এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে জানালেন জালাল ইউনুস, ‘শ্রীরাম আজ (শুক্রবার) সকালে এসেছেন, বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা করতে, বিপিএলের উদ্বোধনী ম্যাচ দেখলো। তার কোচ হওয়াটা এখনও পর্যন্ত আলোচনার মধ্যেই আছে। সে তো আইপিএলের কোচ, অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। কাল (শনিবার) সে চলে যাবে, আবারও আসবে ২৫ জানুয়ারি, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’
খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে চার বছর কাটিয়েছেন শ্রীরাম। আর ঘরোয়া ক্রিকেটে পার করেছেন সাফল্যময় ১৮টি বছর। এরপর কোচিং ক্যারিয়ারেও আছে স্মরণীয় মুহূর্ত। খেলোয়াড়ি জীবনে শ্রীরাম ভারতের জার্সিতে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন ৮ ওয়ানডে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে ১ হাজার ৭৫ রান করার রেকর্ড আছে ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের
কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। এই সময়কালে অস্ট্রেলিয়া ২০২১ সালে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তাছাড়া আইপিএলেও আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি বর্তমানে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলসেও কাজের অভিজ্ঞতা আছে তার।