বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের চার জয়ের তিনটির নায়ক ছিলেন তৌহিদ হৃদয়। সেই ব্যাটারকে নিয়েই দুঃসংবাদ পেলো সিলেট। চোট নিয়ে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই ব্যাটার। স্বাভাবিকভাবেই তৌহিদ হৃদয়কে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে মাশরাফিরা।
মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই চোট পান তৌহিদ। ১২তম ওভারে রেজাউর রাজার দ্বিতীয় বলে নাসির হোসেনের শট এসে আঘাত করে তার বাম হাতের আঙুলে। আঘাতে রক্তও ঝরতে থাকে। বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে তুলে নেয় সিলেট। পরে তার আঙুলে আটটি সেলাই পড়েছে। তাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
দলের মেডিক্যাল টিম জানিয়েছে, তৌহিদকে নিয়মিত ক্ষতস্থান ড্রেসিং করতে হবে। ফলোআপে থাকতে হবে প্রতিদিন।
সিলেটের টানা চার জয়ে হ্যাটট্রিক ফিফটি করেছেন তৌহিদ। শেষ তিন ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন। সব মিলিয়ে ৬৫ গড়ে ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান তার। মঙ্গলবার ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন। এর আগে কুমিল্লা ও বরিশালের বিপক্ষে করেছেন যথাক্রমে ৫৬ ও ৫৫ রান।