ভাগ্য ফেরাতে গত তিন ম্যাচে অনেক ভাবেই চেষ্টা করেছিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু কোনও কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে সোমবার স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে হারের বৃত্ত ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সর্বশেষ ঢাকায় রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের কাছে হারের পর চট্টগ্রামে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষেও কুমিল্লা পরাজয় দেখেছে। সোমবার অবশ্য তাদের সামনে কেউ বাধা হতে পারেনি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামকে ১৩৫ রানে থামিয়ে কুমিল্লা ১৫ বল আগেই জয় নিশ্চিত করেছে।
১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস ও রিজওয়ান মিলে ৫৬ রানের জুটি গড়েছিলেন। লিটন ২২ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলেছেন। ৪ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল উইকেটকিপার ব্যাটারের ইনিংস। ম্যাচসেরাও তিনি। লিটনের আউটের পর ইমরুল (১৫) ও জনসন চার্লস (০) দলকে বেশিদূর টানতে পারেননি। তবে জাকির আলীর ২৩ বলে ২২ রানের ক্যামিও ইনিংস ও রিজওয়ানের (৩৭) দায়িত্বশীল ইনিংসে ঠিকই জয়ের বন্দরে পৌঁছেছে কুমিল্লা। ৩৫ বলে ৪ চারে ৩৭ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পাকিস্তানের ওপেনার রিজওয়ান। তাছাড়া ১০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন খুশদিল।
চট্টগ্রামের বোলারদের মধ্যে মালিন্দা পুষ্পাকুমারা দুটি উইকেট নিয়েছেন। জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই চট্টগ্রামের ওপেনার ওসমান খান (০) বিদায় নিয়েছেন। ম্যাক্স ও’ডাউড ও আফিফ হোসেন মিলে ৪৩ রানের জুটিতে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তার পর। কিন্তু ২১ বলে ২৯ রানে আফিফ আউট হওয়ার পর আবার ছন্দপতন ঘটে ইনিংসে। আসা যাওয়ার মিছিলে অধিনায়ক শুভাগত হোমের ২৩ বলে ৩৭ রানের ইনিংসের ওপর দাঁড়িয়েই কোনওমতে ৮ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। ম্যাক্স ও’ডাউডের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৪ রান।
কুমিল্লার বোলারদের মধ্যে তানভীর ইসলাম ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন। খুশদিল ও মুকিদুল নিয়েছেন একটি করে উইকেট।