বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। মিরাজ ওয়ালটন গ্রুপের ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
আজ মঙ্গলবার সকালে মতিঝিলে ওয়ালটনের কনফারেন্স হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ওয়ালটনের পক্ষ থেকে মিরাজকে একটি ক্রেস্ট, নতুন আসা ওয়ালটনের প্রিমো জেডএক্স-টু মিনি মোবাইল সেট এবং নগদ এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
এ সময় মিরাজ বলেন, 'বাংলাদেশের ক্রীড়াঙ্গণে বিশেষ করে ক্রিকেটে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে ওয়ালটন। ওয়ালটনের কাছ থেকে সংবর্ধনা পেয়ে গর্ববোধ করছি। এটা আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের পলিসি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলমসহ আরও অনেকে।
/এমআর/