তিন ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল এখন ভারত

কিছুদিন আগে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা দখলে নেওয়া গেছে। টি-টোয়েন্টিতেও এক নম্বর স্থানটা তাদের। বাকি ছিল টেস্ট ফরম্যাটের সিংহাসন দখলে নেওয়া। নাগপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শীর্ষস্থান দখলে নেওয়ায় এখন তিন ফরম্যাটে ভারতীয়দেরই রাজত্ব।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা ধরে রাখতে শুক্রবার অজিদের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট তাদের জিততেই হবে। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের পথেও আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে। জুনের ফাইনাল নিশ্চিত করতে সিরিজটা ৩-০ বা ৩-১ ব্যবধানে জিততে হবে।

নাগপুরে প্রথম টেস্টে রোহিত শর্মারা অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে। এই জয়ে অবদান রাখা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মারা ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন। ৮ উইকেট নিয়ে অশ্বিন টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন। প্যাট কামিন্সের চেয়ে আর ২১ রেটিং পয়েন্টে পিছিয়ে তিনি।

বল হাতে ৭ উইকেট আর গুরুত্বপূর্ণ ৭০ রানের ইনিংসে জাদেজা টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন ৪ ধাপ। তার অবস্থান এখন ১৬।

অক্ষর প্যাটেল মাত্র এক উইকেট নিলেও ব্যাট হাতে ওই টেস্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৪ রান উপহার দিয়েছেন তিনি। তাতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন।

চ্যালেঞ্জিং পিচে শুরুতে ১২০ রানের ইনিংস খেলা রোহিতও দুই ধাপ এগিয়েছেন। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তার বর্তমান স্থান ৮।