বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মান বাঁচলো। টানা তৃতীয় টেস্ট শেষ হলো তিন দিনেই। এবার অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী ভারত। ৯ উইকেটে স্বাগতিকদের হারিয়ে সিরিজে টিকে রইলো অজিরা। তিন ম্যাচ শেষে তারা ২-১ এ ব্যবধান কমালো। এই হারে অপেক্ষা বাড়লো ভারতের, তবে অস্ট্রেলিয়া নিশ্চিত করলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
লক্ষ্য মাত্র ৭৬ রানের। ঘূর্ণি জাদু দেখাতে বল হাতে নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় বলেই উসমান খাজাকে বধ করেন তিনি। পেছনে শ্রীকর ভারতের গ্লাভসে ধরা পড়েন খাজা। ডিআরএস নিলেও আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে পারেননি।
এরপর থেকে অশ্বিনের একেকটি টার্নে যেন রান তুলতে ঘাম ছুটছিল ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনের। সপ্তম ওভালে লাবুশেনের বিরুদ্ধে লেগ স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরে আউটের আবেদন করেন বিরাট কোহলি। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। কোহলির আত্মবিশ্বাস এতটাই ছিল যে, রিভিউ নেন রোহিত শর্মা। কিন্তু রিপ্লেতে ব্যাটে বলের ছোঁয়া লাগতে দেখা যায়নি।
দুই প্রান্ত থেকে অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনে রক্ষণাত্মক মনোভাব নিয়ে খেলেন হেড ও লাবুশেন। দৃশ্য পাল্টে যায় ১১তম ওভারে হেড অশ্বিনকে একটি চার ও ছয় মারার পর থেকে। বল বুঝে আগ্রাসী হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান। তাতে ১৯তম ওভারে জিতে যায় সফরকারীরা। অশ্বিনকে চার মেরে জয় নিশ্চিত করেন লাবুশেন।
হেড ৫৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৯ রানে অপরাজিত ছিলেন। ৫৮ বলে ৬ চারে ২৮ রানে খেলছিলেন লাবুশেন। ১ উইকেটে ৭৮ রান করে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে ৮টিসহ মোট ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার দুই ইনিংসে দেন ৯৯ রান।