ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে শচীনের হৃদয়স্পর্শী পোস্ট

গত বছর থাইল্যান্ডে বেড়াতে গিয়ে একটি রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় শেন ওয়ার্নের। দিনটা ছিল ৪ মার্চ। লিজেন্ডারি স্পিনার পৃথিবীতে নেই এক বছর হয়ে গেলো। শনিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে প্রয়াত কিংবদন্তিকে নিয়ে হৃদয়স্পর্শী পোস্ট দিলেন আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ওয়ার্নের সঙ্গে বসে থাকার একটি পুরোনো ছবি পোস্ট দিয়ে টুইট করেছেন শচীন। সেখানে লেখা, ‘মাঠে আমাদের মধ্যে কিছু স্মরণীয় লড়াই হয়েছিল এবং অনেক স্মরণীয় মুহূর্তও। আমি শুধু তোমাকে একজন সেরা ক্রিকেটার হিসেবেই নয়, একজন চমৎকার বন্ধু হিসেবেও মিস করবো। আমি নিশ্চিত তোমার রসবোধ ও ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক করে তুলেছো।’

একই দিন না ফেরার দেশে চলে যান অস্ট্রেলিয়ার উইকেটকিপিং গ্রেট রড মার্শ। তার ও ওয়ার্নারের একটি হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট, ‘যে মানুষ আমাকে স্বপ্ন তাড়া করতে উৎসাহিত করেছে এবং এমন এক বন্ধু যাকে আপনার দলে পাওয়া স্বপ্নের মতো.... দুজনই শান্তিতে ঘুমাতে থাকুন।’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও ওয়ার্নকে শ্রদ্ধা জানান, ‘শান্তিতে ঘুমাও রাজা, ওয়ার্নি।’