ড্যারিল মিচেলের সেঞ্চুরির পর ম্যাট হেনরির ক্যামিও নিউ জিল্যান্ডকে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমবার শক্ত অবস্থানে নেয়। হ্যাগলি ওভালের তৃতীয় দিনের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার কাছ থেকে ছিনিয়ে নিতে বড় ভূমিকা রাখে স্বাগতিক লোয়ার অর্ডার। পরে ঘরের মাঠের সুবিধা নিয়ে ব্লেয়ার টিকনার শেষ সেশনে তিন উইকেট তুলে নেন। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে রেখে ৬৫ রানের লিড নিয়ে দিন শেষ করলেও মোমেন্টাম কিউইদের পক্ষে।
৫ উইকেটে ১৬২ রানে শনিবার মাঠে নামে নিউ জিল্যান্ড। লাঞ্চের আগে মাইকেল ব্রেসওয়েল (২৫) ও টিম সাউদি (২৫) ফিরে যান। দ্বিতীয় সেশনের শুরুতে ১৮৭ বলে সেঞ্চুরি উদযাপন করেন মিচেল। আর মাত্র ৬ বল ক্রিজে ছিলেন তিনি, থামেন ১০২ রান করে।
দলীয় ২৯১ রানে এই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ভালো একটা লিড নেওয়ার স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। কিন্তু ম্যাট হেনরি ও নিল ওয়াগনার আঠার মতো ক্রিজে লেগে ছিলেন। একই সঙ্গে চালান আগ্রাসন। ৯ ও ১০ নম্বরে নামা দুই ব্যাটসম্যানের ৬৯ রানের জুটিতে লিড নেয় কিউইরা।
৭২ রান করেন হেনরি, খেলেন ৭৫ বল। ১০ চার ও ৩ ছয়ে সাজানো ইনিংসে প্রথম ৪৫ বলে ২০ রান করেছিলেন। এরপর আরও আগ্রাসী তিনি, পরের ৫২ রান তোলেন ৩০ বল খেলে। অন্যদিকে ওয়াগনার ১ চার ও ৩ ছয়ে ২৪ বলে করেন ২৭ রান।
শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে ১৮ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে নিউ জিল্যান্ড। তাদেরকে ৩৭৩ রানে গুটিয়ে দিতে সর্বোচ্চ চার উইকেট নেন আসিথা ফার্নান্ডো। তিনটি পান লাহিরু কুমারা।
জবাব দিতে নেমে টিকনারের পেসে শ্রীলঙ্কার ওশাডা ফার্নান্ডো (২৮), দিমরুথ করুণারত্নে (১৭) ও কুশল মেন্ডিস (১৪) বিদায় নেন। ৮১ রানে ৩ উইকেট নেই সফরকারীদের। অ্যাঞ্জেলো ম্যাথুজকে নাইটওয়াচম্যান হিসেবে প্রভাত জয়াসুরিয়া সঙ্গ দিতে নামেন। ৩ উইকেটে ৮৩ রানে দিন শেষ করে সফরকারীরা। ম্যাথুজ ২০ ও প্রভাত ২ রানে অপরাজিত ছিলেন।