আহমেদাবাদে অবিশ্বাস্য দিন কাটিয়েছে ভারত। টেস্টে ৩ বছরের সেঞ্চুরি খরা কেটেছে দলটির অন্যতম তারকা ব্যাটার বিরাট কোহলির। তার ১৮৬ রানের অসাধারণ ইনিংসে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিকরা ৯১ রানের লিড পেয়েছে। প্রথম ইনিংসে ভারত থেমেছে ৫৭১ রানের বিশাল সংগ্রহে। অবশ্য রানটা আরও বেশি হওয়ার সুযোগ ছিল। সেটা হয়নি শ্রেয়াস আইয়ার চোটের কারণে মাঠে নামতে না পারায়।
অপ্রত্যাশিত কিছু না ঘটলে এই টেস্ট ড্রয়ের পথেই এগুচ্ছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও বিনা উইকেটে ৩ রানে চতুর্থ দিন শেষ করেছে। তারা আর ৮৮ রানে পিছিয়ে।
ভারতীয় দল ৩ উইকেটে ২৮৯ রান নিয়ে দিন শুরু করেছিল। রবীন্দ্র জাদেজা এদিন কোহলিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। সাজঘরে ফিরেছেন ২৮ রানে। তার পর প্রতিরোধ গড়তে কোহলির সঙ্গী হন শ্রিকর ভারত ও অক্ষর প্যাটেল।
শ্রিকর ৪৪ রানে ফিরলেও অক্ষর ৭৯ রানের ইনিংসে কোহলির সঙ্গে ১৬২ রানের জুটিতে বড় প্রতিরোধ গড়েছেন। দলীয় ৫৫৫ রানে অক্ষরকে বিদায় দিয়ে জুটি ভাঙেন স্টার্ক। এই জুটি ভাঙার পরই ভারতের প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। কোহলি শেষ উইকেট হিসেবে ১৮৬ রানে ফিরলে প্রথম ইনিংস ৫৭১ রানে শেষ হয় স্বাগতিকদের।
লাঞ্চের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭৫তম ও টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। টেস্ট ক্যারিয়ারে ধীর গতির সেঞ্চুরি হিসেব করলে এটি তার দ্বিতীয়। সেঞ্চুরি পেতে ২৪১ বল খেলেছেন।
১১৩ রানে ৩টি উইকেট নিয়েছেন টড মারফি। ১৫১ রানে সমসংখ্যক উইকেট নেন নাথান লায়নও। একটি করে নিয়েছেন মিচেল স্টার্ক ও ম্যাথু কুনেমান।
সংক্ষিপ্ত স্কোর:
চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৬৭.২ ওভারে ৪৮০ (খাজা ১৮০, গ্রিন ১১৪, মারফি ৪১; অশ্বিন ৬/৯১)। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ ওভারে ৩/০ (কুনেমান ০*, হেড ৩*)
ভারত প্রথম ইনিংসে ১৭৮.৫ ওভারে ৫৭১ (গিল ১২৮, কোহলি ১৮৬, অক্ষর ৭৯; মারফি ৩/১১৩, লায়ন ৩/১৫১)।