প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড। আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তার আগে বুধবার বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী আয়ারল্যান্ড। প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকারসহ ওয়ানডে দলে থাকা বেশ কিছু ক্রিকেটার।
মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল দিয়েছে বিসিবি। এই দলে রয়েছেন ওয়ানডে দলে ডাক পাওয়া বেশ কয়েকজন খেলোয়াড়। ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান রয়েছেন।
এছাড়া আছেন জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকারও। ইংল্যান্ডের বিপক্ষে হুট করে এক ম্যাচের জন্য ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারীকেও রাখা হয়েছে। এছাড়া জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা ও মুশফিক হাসানের মতো তরুণ খেলোয়াড়ও আছেন স্কোয়াডে।
আগামীকাল বুধবার (১৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ আইরিশদের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ।
১৩ সদস্যের বিসিবি একাদশ: সৌম্য সরকার, আশেক আহমেদ রোহান, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাসুম আহমেদ, রিশাদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান ও আরিদুল আকাশ।