বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিটি ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শুভ সূচনা করেছে প্রাইম ব্যাংক। বুধবার আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ২১৬ রান করে। জবাবে খেলতে নেমে ২০৯ রানে অলআউট হয় সিটি ক্লাব। তাতেই ৭ রানের জয়ে ঢাকা লিগের মিশন শুরু করে প্রাইম ব্যাংক।
বিকেএসপিতে ২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেছিল সিটি ক্লাব। ৫৪ রানের ওপেনিং জুটির ভাঙার পরই ছন্দপতন ঘটে তাদের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু সিটি ক্লাবের দুই ব্যাটার আসিফ আহমেদ রাতুল ও রবিউল হক পারেননি সেই রান তুলতে। বৃষ্টির কারণে ৪২ ওভারে গড়ানো ম্যাচের শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন রাতুল। তার আগে ৫৬ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর রবিউল হকের ওপর দায়িত্ব ছিল ম্যাচটি শেষ করার। বাকি চার বলে রবিউল ১১ রান তুললে সিটি ক্লাবের ইনিংস থামে ২০৯ রানে। রবিউল ২২ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া তৌফিক খান তুষারের ব্যাট থেকে আছে ৪১ রানের ইনিংস।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আলিস আল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নেমে দারুণ শুরু করে প্রাইম ব্যাংক। নির্ধারিত ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে প্রাইম ব্যাংক। টপ অর্ডারের ব্যর্থতায় অল্প রানেই আটকে যেতে পারতো তারা। কিন্তু সাত নম্বরে নেমে অভিজ্ঞ অলক কাপালির হাফ সেঞ্চুরিতে দুইশ পার করে প্রাইম ব্যাংক। ৫৭ বলে তিনি ৫ চারে ৫৫ রানের ইনিংস খেলেন। এছাড়া আল আমিন জুনিয়র ৪০, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩১ ও তাইজুল ইসলাম অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে অবদান রাখেন। ম্যাচসেরা হয়েছেন তাইজুল।
সিটি ক্লাবের বোলারদের মধ্যে রবিউল হক ও তৌফিকুল হক দুটি করে উইকেট নিয়েছেন।