কোনও ঘোষণা দিয়ে নয়, নীরবেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। শেফিল্ড শিল্ড মৌসুমের চূড়ান্ত রাউন্ডে কুইন্সল্যান্ডের সঙ্গে তাসমানিয়ার ড্রর পরপর ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন তিনি।
শেষ ম্যাচ যে খেলতে যাচ্ছেন, সেটা কেবল তাসমানিয়ান সতীর্থদের জানিয়ে রেখেছিলেন পেইন। শেষ দিন ম্যাচের ফল বের হবে না নিশ্চিত হওয়ার পর আগেভাগে ড্র ঘোষণা হয়, তারপর তাকে বেলেরিভ ওভালে শেষবারের মতো গার্ড অব অনার দেওয়া হয়।
খেলা শেষে সংবাদ সম্মেলনও করেননি পেইন। তাসমানিয়া অধিনায়ক জর্ডান সিল্ক নিশ্চিত করলেন তার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা।
সিল্ক বলেছেন, ‘তিনি একজন ফেনোমেনাল খেলোয়াড়। পেশাদার ক্রিকেটে প্রায় ২২ বছর তার, এত দীর্ঘদিনের ক্যারিয়ার তার অসাধারণ প্রচেষ্টার ফসল। সামনে তিনি যে পথই বেছে নেন, তাকে শুভ কামনা।’
পেইনের ১৫৪ প্রথম শ্রেণির ম্যাচের ক্যারিয়ারে টেস্ট ৩৫টি। ২৯.৬৩ গড়ে এই ক্রিকেটে তার রান ৬৪৯০। টেস্টে ৯ হাফ সেঞ্চুরিতে তার রান ১৫৩৪। এই উইকেটকিপারের টেস্ট ডিসমিসাল ১৫৭টি।
কেপটাউনে স্যান্ডপেপার কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব পান পেইন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ২৩ ম্যাচে অধিনায়কত্ব করেন। তবে তার টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটে বিতর্কিতভাবে। ২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার এক নারী কর্মীকে অশালীন বার্তা দেওয়ার খবর প্রকাশ পেলে ২০২১-২২ অ্যাশেজ সিরিজের আগে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন এবং অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট ছাড়েন।
পেইন আর টেস্ট ক্রিকেট খেলেননি। সিএ ও তাসমানিয়ার চুক্তি থেকেও বাদ পড়েন। তারপরও তাসমানিয়ার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন।
বলা যায়, ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন পেইন। অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টিতে খেলা এই ক্রিকেটার নীরবেই নিলেন বিদায়।