সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে থাকায় গত ডিসেম্বরে আইপিএল নিলামে লিটন দাসকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে কিনে নেয় দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে যাচ্ছেন এই ওপেনার। আগামী ৩১ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আরেকটি ঝলক দেখালেন লিটন, যা কলকাতার নজর এড়ায়নি।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপেনার রনিকে নিয়ে লিটন ওপেনিংয়ে ১২৪ রানের রেকর্ড জুটি গড়েন। যে কোনও উইকেটে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এই জুটি গড়ার পথে তিনি ১৬ বছর আগের পুরোনো রেকর্ড নিজের করে নিয়েছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল ২০ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। লম্বা সময় ধরে নিজের কাছে রাখা তার এই রেকর্ড এবার দখল নিয়েছেন লিটন। ১৮ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন এই ব্যাটার।
অল্পের জন্য তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করা হয়নি লিটনের। ৪১ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮৩ রানে থামেন তিনি। তারপর তাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে।
তারা লিটনের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি। লিটন দা, অসাধারণ।’
লিটনের সঙ্গে সাকিবও কলকাতার হয়ে খেলবেন। আগামী ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। জানা গেছে, পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পেতে যাচ্ছেন দুই ক্রিকেটার। মোস্তাফিজুর রহমানও খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।