দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও শেষ টি-টোয়েন্টিতে খুবই বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটের পরাজয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান স্বীকার করেছেন, ব্যাটিংটা ঠিকমতো না হওয়াতেই হারতে হয়েছে। তবু আক্রমণাত্মক মানসিকতা থেকে নড়ছেন না সাকিব আল হাসানরা।
পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘আমরা ঠিকমতো ব্যাট করিনি। নিয়মিত উইকেট হারিয়েছি। তবে এটাও মনে রাখতে ক্রিকেটে এমনটা হয়ে থাকে। যদি আক্রমণাত্মক একই অ্যাপ্রোচ ধরে রাখি, সব সময়ই হয়তো সেটা কাজে লাগবে না। তাই বলে নিজেদের মানসিকতায় বদল আনছি না। ভালো দল হতে চাইলে আমাদের এভাবেই খেলতে হবে।’
চট্টগ্রামে টস জিতে ব্যাটিং নিলেও বাংলাদেশ ৬১ রানেই হারায় ৭ উইকেট! শুধু শামীম হোসেন প্রান্ত আগলে প্রথম হাফসেঞ্চুরি তুলে নেওয়ায় ১২৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পেরেছে। সহজ সেই লক্ষ্যে খেলতে নেমে স্টার্লিংয়ের বিস্ফোরক ৭৭ রানের ইনিংসে ম্যাচ জিতেছে সফরকারী দল। আইরিশ অধিনায়ক ফিরে গেলেও আয়ারল্যান্ড ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে। তাতে ২০০৯ সালের পর বাংলাদেশকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে আইরিশরা। তবে বাংলাদেশের মাটিতে এবারই প্রথম।
সিরিজের আনুষ্ঠানিকতা শেষ হবে ঢাকায় একমাত্র টেস্ট দিয়ে। ৪ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্ট নিয়ে সাকিবের কথা, ‘কিছুদিনের মধ্যে টেস্ট খেলতে নামবো। ঢাকায় গিয়ে দেখবো টেস্ট নিয়ে কী করা যায়। তবে সম্প্রতি আমরা খুব ভালো খেলেছি। বিশেষ করে ইংল্যান্ড সিরিজের পর একই মানসিকতা নিয়ে এগিয়ে গেছি। দুটি ম্যাচ খুবই ভালো গেছে। তবে আজকের দিনটা ছিল আয়ারল্যান্ডের।’