বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন স্টার্লিং

বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলে আয়ারল্যান্ডে ফিরে গেছেন পল স্টার্লিং। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া একমাত্র টেস্টে খেলবেন না তিনি। তবে আয়ারল্যান্ডের শ্রীলঙ্কা সফরের সংশোধিত সূচিতে টেস্ট স্কোয়াডে যুক্ত হলেন তিনি। তাছাড়া মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়ার কারণে লাল বলের ক্রিকেটে খেলবেন এই ব্যাটার।

শ্রীলঙ্কায় আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াডে নাম উঠলো স্টার্লিংয়ের। দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি। অথচ গত সপ্তাহে বেলফাস্ট টেলিগ্রাফকে এই ওপেনার বলেন, ২০২৩ সালের ঠাসা সূচির কারণে আয়ারল্যান্ডের টেস্ট না খেলে বিশ্রামে থাকতে চান।

আয়ারল্যান্ডের শ্রীলঙ্কা সফরে শুরুতে একটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলার কথা ছিল। কিন্তু স্বাগতিকরা লাল বলের ক্রিকেটে বেশি সময় দিতে চায়। এজন্য দুটি ওয়ানডের বদলে বাড়তি একটি টেস্ট খেলার সিদ্ধান্ত নেয়। দুটি টেস্টই হবে ১৬ ও ২৮ এপ্রিল গলে।

ক্রিকেট আয়ারল্যান্ডের জাতীয় পুরুষদের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট এক বিবৃতিতে বলেছেন, ‘পলের শ্রীলঙ্কায় পূর্ব নির্ধারিত ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দুটি ম্যাচের বদলে একটি টেস্ট নির্ধারণ করা হয়েছে এবং আয়ারল্যান্ডে নির্ধারিত বাংলাাদেশ টি-টোয়েন্টি সিরিজ স্থগিত হওয়ায় সে এখন লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করছে এবং দ্বিতীয় টেস্টের জন্য টেস্ট স্কোয়াডে যোগ দেবে।’

স্টার্লিং এখন পর্যন্ত আয়ারল্যান্ডের তিন টেস্টের সবগুলো খেলেছেন। তবে বাংলাদেশে তার অনুপস্থিতি বেশ ভালোভাবে টের পাবে আয়ারল্যান্ড। ঢাকা টেস্টের স্কোয়াডে ৯ জন আনক্যাপড খেলোয়াড়, যাদের মধ্যে তিনজন কখনও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। শেষ টেস্ট খেলা মাত্র চারজন এই দলে আছেন।