প্রথমে ইমতিয়াজ হোসেন তান্নার সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স করে ২৮৭ রান। তারপর মুকিদুল ইসলাম মুগ্ধর ৫ উইকেট। দুই ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৫ রানে হারালো রূপগঞ্জ টাইগার্স। টানা ছয় ম্যাচ জেতার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাশরাফির দলের এটিই প্রথম হার। সাত রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। তৃতীয় উইকেটে ইমতিয়াজ ও নাঈম ইসলামের জুটিতে ১৬৮ রান তোলে। ইমতিয়াজ ১০৯ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০০ রান করে আউট হন। এরপর অঙ্কিত বাওয়ানের সঙ্গে ৩৬ রানের জুটির পর নাঈমও ফিরে যান ৬৬ রান করে। ৫ নম্বরে নামা অঙ্কিতের ৪৪ বলে ঝড়ো ৬৫ রানের অপরাজিত ইনিংসের ওপর দাঁড়িয়ে রূপগঞ্জ টাইগার্স ২৮৭ রান তোলে।
লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে মাশরাফি মর্তুজা ও আব্দুল হালিম দুটি করে উইকেট নিয়েছেন।
২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ মুগ্ধ ও নাসুম আহমেদের বোলিং তোপে পড়ে। রূপগঞ্জ টাইগার্সের এই দুই বোলার প্রতিপক্ষের ৮ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৪৮.২ ওভারে ২৬২ রানে অলআউট হয় মাশরাফির দল। মুগ্ধ ও নাসুমের বোলিংয়ে ম্লান হয়ে যায় পারভেজ হোসেন ইমনের দারুণ একটি ইনিংস। ৯৯ বলে ৭ চার ও ৭ ছক্কায় তিনি ১১১ রান করেন। চিরাগ জানির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস।
রূপগঞ্জ টাইগার্সের পেসার মুগ্ধ ৪০ রানে নেন পাঁচটি উইকেট। এছাড়া নাসুম ৪৪ রানে নেন তিনটি উইকেট।