ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় জয় পেলো সিটি ক্লাব। বুধবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৩ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ২২৬ রান তোলে সিটি ক্লাব। জবাবে খেলতে নেমে ২০৩ রানে অলআউট শাইনপুকুর।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে জিসান আলমের ৮৬ ও অমিত হাসানের ৫৩ রানে শাইনপুকুর জয়ের পথেই ছিল। কিন্তু তাদের ফিরিয়ে সিটি ক্লাব জয় ছিনিয়ে নেয়। ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২০৩ রানে গুটিয়ে যায় দলটি।
৯ ওভারে ৪৩ রানে ৩ উইকেট নেন পেসার রবিউল হক। ২টি করে উইকেট পেয়েছেন ইরফান হোসেন ও রাফসান আল মাহমুদ। ব্যাটিংয়ের পর বল হাতে আহমেদ সাদাকাত ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
এর আগে আহমেদ সাদাকাত ও শাহরিয়ার কমলের হাফ সেঞ্চুরিতে ২২৬ রান করে সিটি ক্লাব। ৫৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার মিলে ১০৯ রানের জুটি গড়েন। কিন্তু তাদের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারাতে থাকে সিটি ক্লাব। ৪৯.২ ওভারে অলআউট হয়।
শাইনপুকুরের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন নাবিল সামাদ। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান রানা, ফরহাদ রেজা ও হাসান মুরাদ।