বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান নিক পোথাসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তারা।
৪৯ বছর বয়সী প্রোটিয়া সাবেক এই ক্রিকেটার আগামী মাসে আয়ারল্যান্ড সফর থেকে দলের সঙ্গে যুক্ত হবেন। আগামী দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
নিক পোথাসের আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও কোচিং ক্যারিয়ার বেশ ঝকঝকে। ২০১৮ ও ২০১৯ সালে দুই বছর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পোথাস। তার আগের দুই বছর লঙ্কান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে।
বাংলাদেশের যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ারের কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পোথাস। ডানহাতি প্রোটিয়া এই ব্যাটার দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান করেছেন তিনি।
বাংলাদেশের সাথে সম্পৃক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত পোথাস, ‘বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি বেশ সম্মানিত। বাংলাদেশের জন্য ব্যতিক্রমী কিছু করতে আমি মুখিয়ে আছি। আমি বিশ্বাস করি আমার জন্য দারুণ কিছু সময অপেক্ষা করছে।’