ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর কাছে ৫ উইকেটে হেরেছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। টস জিতে রূপগঞ্জ ৯ উইকেটে ২৮৬ রান করেছিল। জবাবে ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করেছে আবাহনী।
অবশ্য ২৮৭ রানের লক্ষ্যে জয়ের ভিত গড়ে দিয়েছেন ওপেনার নাঈম শেখ। বিজয় ২৮ রানে ফিরলেও তার পর দলকে এগিয়ে নিতে অবদান ছিল তার। ৮৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেছেন নাঈম। তাছাড়া জাকের আলী করেছেন ৩১ রান। অপরপ্রান্ত থেকে যোগ্যসঙ্গী না পেলেও তার পর মূল লড়াইটা চালিয়েছেন আফিফ। ৬২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮০* রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। বিস্ফোরক ইনিংস খেলার পথে ৩৯ বলে ছুঁয়েছেন ফিফটি। তাছাড়া ২৩ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাইফউদ্দিনও।
রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাজিবুল ইসলাম ও আব্দুল হালিম। অধিনায়ক মাশরাফিও একটি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ৯ উইকেটে ২৮৬ রান করেছে রূপগঞ্জ। সর্বোচ্চ ৫৪ রান আসে চিরাগ জানির ব্যাট থেকে। সাব্বির রহমান ৪৮, ৩৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ইনিংস সমৃদ্ধ করতে অবদান ছিল মাশরাফি বিন মুর্তজা ও সোহাগ গাজীর। মুর্তজা ১৫ বলে ৩ ছক্কায় ২৮ রান করেছেন। গাজী ২০ বলে ১ চার ও ৫ ছক্কায় করেছেন ৪৮। আবাহনীর হয়ে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন দানিশ আজিজ। ৪৩ রানে দুটি নিয়েছেন সাইফউদ্দিন।