আইপিএলে খেলতে কলকাতায় গেলেন লিটন

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় শুরু থেকে দলের সঙ্গী হতে পারেননি। এক সপ্তাহ বিলম্বে রবিবার সন্ধ্যায় দলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে যাচ্ছেন তিনি। এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা উড়াল দিয়েছেন।

বিমানে উঠার আগে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন লিটন, ‘রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশে। আমাকে আপনার প্রার্থনায় রাখুন!’

আজকে না পারলেও ১৪ এপ্রিল কলকাতার পরবর্তী হোম ম্যাচ থেকে অ্যাভেইলেভেল থাকবেন লিটন। ঘরের মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। যদিও লিটনের জন্য একাদশে সুযোগ পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটার রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম্যাচেই রান পেয়েছেন। এর বাইরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন  ইংলিশ ওপেনার জেসন রয়ও। এই অবস্থায় দারুণ ফর্মে থাকলেও টিম কম্বিনেশনের কারণে লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমই।

শুরুর দিকেও কলকাতায় অ্যাভেইলেভেল ছিলেন না লিটন। মাঝের সময়টাতে তাকে পেলেও সেটা বেশি দিনের জন্য হবে না। কারণ, আগামী মাসের শুরুর দিকে আয়ারল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন এই উইকেটকিপার ব্যাটার। ওই সিরিজ খেলে ফের কলকাতার তাঁবুতে ফিরতে পারবেন তিনি।