ওয়ার্নার-অক্ষরে দিল্লির চ্যালেঞ্জিং স্কোর, মুম্বাইকে আটকাতে পারবেন মোস্তাফিজরা?

টানা তিন ম্যাচ হেরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটার-বোলাররা সুবিধা করতে পারছেন না। প্রথম জয়ের খোঁজে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েও বড় কোনও ইনিংস খেলতে পারেনি তারা। অবশ্য এই আসরে নিজেদের সর্বোচ্চ স্কোর করেছে ডেভিড ওয়ার্নারের দল। এবার দলকে জেতানোর দায়িত্ব বোলারদের কাঁধে। মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় কোটি কোটি বাংলাদেশি দর্শক। 

যদিও ডেভিড ওয়ার্নার তার চার ম্যাচে তৃতীয় ফিফটি করেছেন। অক্ষর প্যাটেলও ঝড় তুলে হাফ সেঞ্চুরি আদায় করেন। তবে দিল্লি বড় ধাক্কা খায় শেষের আগের ওভারে। ১৯তম ওভারে চার উইকেট হারায় তারা, জ্যাসন বেহরেনডর্ফ তিনটি উইকেট নেন, অন্যটি রানআউট।

এর আগের ওভারে অক্ষর ২২ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে করেন হাফ সেঞ্চুরি। ২৫ বলে ৫৪ রান করে বেহরেনডর্ফের শিকার এই ভারতীয় ব্যাটার। ইনিংস সেরা স্কোরারকে ফেরানোর দুই বল পর ওয়ার্নারকেও থামান অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। অজি ওপেনার ৪৭ বলে ৬ চারে করেন ৫১ রান, ছিল না কোনও ছয়। এই ইনিংস খেলার পথে আইপিএল অধিনায়ক হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছোঁন ওয়ার্নার।

ঝড়ো গতিতে উইকেট পড়ার পর মোস্তাফিজ ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। খেলেন ১ বল, প্রথম বলেই সিঙ্গেল নিয়ে আনরিখ নর্কিয়েকে স্ট্রাইক এন্ডে দেন তিনি। দ্বিতীয় বলে চার মেরে পরের বলটিতে বোল্ড হন নর্কিয়ে। একমাত্র অপরাজিত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মোস্তাফিজ, ১ বলে ১ রানে। ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় দিল্লি।

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন বেহরেনডর্ফ ও পিযুষ চাওলা।