জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে ইসিবির কাঠগড়ায় ম্যাককালাম!

একটি জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপদে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। শুক্রবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট (ইসিবি) বোর্ড জানিয়েছে, তাতে বোর্ডের দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ হয়েছে কিনা সেটি যাচাই করে দেখা হচ্ছে।

নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক যে জুয়া তথা বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন সেটি মূলত সাইপ্রাসে নিবন্ধিত।  নাম-২২বেট ইন্ডিয়া। তাদের সঙ্গে চুক্তিটি হয় তার ইংল্যান্ডের কোচ হওয়ার পূর্বে। তবে বিষয়টি আলোচনায় আসে গত কয়েক সপ্তাহ ধরে। বিশেষ করে নিউ জিল্যান্ডে ইউটিউব দেখতে গেলেই বার বার আসতে থাকে ম্যাককালামের বেটিং সংশ্লিষ্ট একটি ভিডিও। তাতে আইপিএলকে কেন্দ্র করে বেটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

তার পর থেকেই শুরু হয় বিতর্ক। কারণ নিউ জিল্যান্ডে অনলাইন বেটিং অবৈধ। তার পর নিউ জিল্যান্ডের প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন দেশটির ইন্টারনাল অ্যাফেয়ার্সে অভিযোগ দায়ের করলে শেষ পর্যন্ত দেশটিতে ‘জিওব্লকড’ করা হয় ওই বিজ্ঞাপন। অর্থাৎ দেশটিতে আর সেটি দেখা যাচ্ছে না। তার পর প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন যোগাযোগ করে ইসিবির সঙ্গেও।

ইংলিশ ক্রিকেট বোর্ডেও এই সংক্রান্ত কঠোর নিয়ম আছে। ইসিবির দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী বেটিংয়ে উৎসাহ দেওয়া নিষিদ্ধ। ফলে ম্যাককালামের সঙ্গে ওই বেটিং কোম্পানির সম্পর্কের বিষয়টি যাচাই করে দেখার কথা জানিয়েছে ইসিবি। এক্ষেত্রে বোর্ডের নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা, সেটিই দেখা হবে। ইসিবির এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘ব্রেন্ডনের সঙ্গে ২২-বেট কোম্পানির সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের এ সংক্রান্ত নিয়ম আছে। এখন দেখা হবে এই সংক্রান্ত নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা।’

ম্যাককালামের এজেন্ট টাইমস নিউজপেপারকে বলেছেন, ‘ইসিবির সঙ্গে আমরা কথা বলছি। আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করবো না। তবে বিষয়টি নিয়ে কাজ চলছে।’