ব্রাদার্সের কাছে হেরে সুপার লিগ কঠিন করে ফেলেছে গাজী গ্রুপ

ব্রাদার্সের কাছে পরাজয়ে ‍সুপার লিগে যাওয়ার পথটা কঠিন করে ফেলেছে গাজী গ্রুপ। ঢাকা প্রিমিয়ার লিগে আজ ব্রাদার্সের কাছে ৫ উইকেটে হেরেছে তারা।

ব্রাদার্সের দারুণ জয়ে অবদান যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমের। শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের দেওয়া ৩০৬ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়েই টপকেছে ব্রাদার্স। এই হারে গাজী গ্রুপের সুপার লিগে যাওয়ার পথটা কঠিন হলেও কাগজে-কলমে সুপার লিগ খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাদার্সের। শাইনপুকুরের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে সুপার লিগ নিশ্চিত হয়ে যাবে গাজীর। অন্যদিকে গাজী গ্রুপের হারের পাশাপাশি ব্রাদার্সকে নিজেদের শেষ ম্যাচটি জিততে হবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩০৬ রানে লক্ষ্যে খেলতে নেমে ৪৯ রানের ওপেনিং জুটি গড়ে ব্রাদার্স। মিজানুর রহমান (২৩) আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও  সাব্বির হোসেন মিলে ১০২ রানের জুটিতে দলকে জয়ের পথে রেখেছেন। সাব্বির ৪৮ রানে আউট হলে আনিসুল ইসলামের সঙ্গেও জুটি বাঁধেন তামিম। তিনি সাজঘরে ফিরেছেন আরও ৬২ রান যোগ করেই। ক্রিজ ছাড়ার আগে ১১৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেছেন তামিম। তারপর সাদ নাসিমের ৩০ বলে ৩৯ এবং জাহিদুজ্জামান খানের ১৮ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসে ৬ বল হাতে রেখেই ৫ উইকেট জয় নিশ্চিত করে ব্রাদার্স।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে টিপু সুলতান সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া এনামুল হক ও মাহমুদুল হাসান নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপের শুরুটাও ভালো ছিল। ওপেনিং জুটিতে ৬৭ রান করে তারা। হাবিবুর রহমান (২৯) আউট হওয়ার পর ফরহাদ হোসেনকে নিয়ে আরেক ওপেনার মেহেদী মারুফ ১১৪ রানের জুটিতে দলকে এগিয়ে নিয়েছেন। মারুফ ১০০ রান করে স্বেচ্ছা অবসর না নিলে জুটিটা আরও বড় হতে পারতো। মারুফ সাজঘরে ফিরলে দ্রুত রবি তেজা (৩), আকবর আলী (৪) ও মেহরাব হোসেনের (১) উইকেট হারায় গাজী গ্রুপ।

মারুফ ১০৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০০ রানের ইনিংস উপহার দিয়েছেন। শেষ দিকে মাহমুদুল হাসান (৪৯) ও আনামুল হকের (৩৯*) ইনিংসের ওপর দাঁড়িয়েই গাজী গ্রুপ ৭ উইকেট হারিয়ে ৩০৫ রান করেছে।

ব্রাদার্সের বোলারদের মধ্যে আরাফাত সানি জুনিয়র সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান নিয়েছেন দুটি উইকেট। মোহর শেখ ও সাদ নাসিম একটি করে উইকেট নিয়েছেন।