বুমরা, আইয়ারকে নিয়ে সবশেষ খবর জানালো বিসিসিআই

যশপ্রীত বুমরাকে পাওয়ার জন্য অধীর হয়ে আছে ভারত। তাকে নিয়ে সুখবর দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই জানিয়েছে, ভারতীয় পেসার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন শুরু করেছেন। এছাড়া মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের স্বাস্থ্য নিয়েও নতুন খভর দিয়েছে বোর্ড। শিগগিরই লোয়ার ব্যাক ইস্যুতে অস্ত্রোপচার করাবেন তিনি।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে বুমরা। ডানহাতি পেসার গত বছর পিঠের ইনজুরিতে পড়েন। সম্প্রতি নিউ জিল্যান্ডে অস্ত্রোপচার করানোর পর সুস্থ হয়ে উঠছেন। তবে কবে তিনি ফিরবেন, তা জানানো হয়নি।

পিঠের সমস্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না বুমরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও শেষ মুহূর্তে বাদ পড়েন। মুম্বাই ইন্ডিয়ান্সের ডানহাতি পেসার চলমান আইপিএলেও খেলছেন না। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও থাকবেন না তিনি।

তবে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন বুমরা। ছয় সপ্তাহের পুনর্বাসন শুরু করেছেন বেঙ্গালুরুর ক্রিকেট অ্যাকাডেমিতে। এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘নিউ জিল্যান্ডে যশপ্রীত বুমরার লোয়ার ব্যাকে সফল অস্ত্রোপচার হয়েছিল এবং তিনি এখন ব্যথামুক্ত। অস্ত্রোপচারের পর ছয় সপ্তাহের পুনর্বাসন শুরু করতে বলা হয়েছে ফাস্ট বোলারকে। সেই অনুযায়ী শুক্রবার থেকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন শুরু করেছেন বুমরা।’

অন্যদিকে আইয়ার পিঠের চোট কাটিয়ে এই বছর ফিরেছিলেন মাঠে। বোর্ডার গাভাস্কার ট্রফিতে দুই ম্যাচ খেলে একই ইনজুরিতে বাদ পড়েন। তারকা ব্যাটার চলমান আইপিএলে খেলার কথা থাকলেও থাকতে পারেননি। আগামী সপ্তাহে তার অস্ত্রোপচার হবে বলে জানায় বিসিসিআই, ‘আগামী সপ্তাহে শ্রেয়াস আইয়ারের লোয়ার ব্যাকে অস্ত্রোপচার করা হবে। দুই সপ্তাহ তাকে সার্জনের অধীনে রাখা হবে এবং পরে পুনর্বাসনের জন্য ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরবেন।’