শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলে দলকে জেতান মাহিদুল ইসলাম অঙ্কন। পরের ম্যাচে আবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৯৬ রানের ইনিংস খেলে মোহামেডানের জয়ের নায়ক সেই মাহিদুলই। সোমবার ঢাকা লেপার্ডসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে সুপার লিগ খেলছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে মোহামেডানকে ২২৯ রানের লক্ষ্য দেয় ঢাকা লেপার্ডস। জবাবে খেলতে নেমে আব্দুল মজিদ গোল্ডেন ডাক মারলেও সমস্যায় পড়তে হয়নি মোহামেডানকে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ইমরুল কায়েস ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল মিলে ৮২ রানের জুটি গড়েন। ইমরুল ৬১ বলে ৫৮ রান করে আউট হলেও টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে ছুটছিলেন মাহিদুল। কিন্তু সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে হৃদয় ইসলামের শিকার হন এই টপ অর্ডার ব্যাটার।
মাহিদুলের আউটের আগে অবশ্য মোহাম্মদ আশরাফুল ২৭ রানের ইনিংস খেলে আউট হন। এরপর মাহমুদউল্লাহ (৩) দ্রুত বিদায় নেন। পঞ্চম উইকেটে মেহেদী হাসান মিরাজের সাথে ৬৫ রানের জুটি গড়েন মাহিদুল। জয় থেকে ৭ রান দূরে থাকতে আউট হন তিনি। তার খেলা ১২১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৯৬ রানের ইনিংসই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। মিরাজ ৫০ বলে ৩৫ এবং আরিফুল ইসলাম ৬ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। ৪৬.৫ ওভারে মোহামেডান ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে।
আরিফুল জনি ঢাকা লেপার্ডসের সেরা বোলার। ৪৬ রানে তার শিকার দুই উইকেট। এছাড়া সালাউদ্দিন শাকিল, সোহরাওয়ার্দী শুভ ও হৃদয় ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করার সুযোগ পায় ঢাকা লেপার্ডস। দলের সবাই কম বেশি ভালো শুরু পেলেও কেউই ইনিংসটাকে লম্বা করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন আশিকুর রহমান। এছাড়া সোহরাওয়ার্দী (৩৯), সাব্বির হোসেন (৩৫), শোভন মোড়লের (৩০) ব্যাটে লেপার্ডস ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে।
মোহামেডানের বোলারদের মধ্যে মিরাজ, জ্যাক লিন্টট দুটি করে উইকেট নিয়েছেন। মাহমুদউল্লাহ, খালেদ আহমেদ ও এনামুল হক জুনিয়র একটি করে উইকেট নিয়েছেন।
মোহামেডান সুপার লিগ খেলার সুযোগ পেলেও ঢাকা লেপার্ডসের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। ১১ ম্যাচে মাত্র ১ জয়ে রেলিগেশন নিশ্চিত হয়ে গেছে তাদের। অগ্রণী ব্যাংক, শাইনপুকুর ও ঢাকা লেপার্ডসকে রেলিগেশন লিগ খেলতে হবে। এরপর পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা দুই দল চলে যাবে প্রথম বিভাগ ক্রিকেটে।