গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি বল আছড়ে ফেলছিলেন বাউন্ডারির ওপারে, আর দর্শকরা উল্লাসে ফেটে পড়ছিলেন। জয়ের আশায় তাদের চোখ চকচকে হয়ে উঠছিল। কিন্তু ম্যাচ শেষে ভেঙে চুরমার তাদের উল্লসিত হৃদয়। দুই ব্যাটারের ঝড় ছাপিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জয় উৎসব করলো চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর আজিঙ্কা রাহানেকে নিয়ে ডেভন কনওয়ের জুটিতে ঘুরে দাঁড়ায় চেন্নাই। ৭৪ রানের জুটি ছিল তাদের। এরপর শিবম দুবের সঙ্গে আরেকটি শক্ত জুটি গড়েন নিউ জিল্যান্ডের ব্যাটার। ৪৫ বলে ছয়টি করে চার ও ছয়ে ৮৩ রানে বোল্ড হন কনওয়ে।
৮০ রানের জুটি ভাঙার পর দুবে ২৭ বলে ৫২ রান করে ফিরে যান। শেষ দিকে মঈন আলীর ৯ বলে ২ ছক্কায় ১৯ রানের ক্যামিও ইনিংসে ২২৬ রান করে চেন্নাই। ৬ উইকেট হারায় তারা।
জবাব দিতে নেমে প্রথম দুই ওভারে মহীপাল লোমরোর (০) ও বিরাট কোহলিকে (৬) হারিয়ে বিপদে পড়েছিল বেঙ্গালুরু। তবে ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৬১ বলে ১২৬ রানের জুটি গড়ে থামেন ম্যাক্সওয়েল। মাত্র ৩৬ বলে ৩ চার ও ৮ ছয়ে ৭৬ রান করে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাচ দেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
ম্যাক্সওয়েলকে অনুসরণ করে পরের ওভারে ডু প্লেসিও বিদায় নেন চেন্নাই অধিনায়কের ক্যাচ হয়ে। ৩৩ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬২ রান করেন বেঙ্গালুরু অধিনায়ক। দুই সেট ব্যাটার চলে গেলেও দিনেশ কার্তিকের ১৪ বলে ২৮ রানে জয়ের আশা বেঁচে ছিল। শেষ তিন ওভারে লাগতো ৩৫ রান।
কিন্তু পরপর দুই ওভারে শাহবাজ আহমেদ ও ওয়েন পার্নেল ফিরলে চাপে পড়ে বেঙ্গালুরু। শেষ ওভারে ১৯ রানের বোঝা নিতে পারেনি তারা। মাথিশা পাথিরানার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দুই বলে ২ রান নেন সুয়াশ প্রভুদেশাই ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তৃতীয় বলে কিপারের মাথার ওপর দিয়ে ছক্কা মেরে ম্যাচে উত্তেজনা ফেরান প্রভুদেশাই। কিন্তু শেষ তিন বলে মাত্র ২ রান দিয়ে এক উইকেট নিয়ে ম্যাচ জেতান পাথিরানা। ৮ উইকেটে ২১৮ রান করে বেঙ্গালুরু।
৫ ম্যাচে তিন জয়ে চেন্নাই ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো। চারবারের চ্যাম্পিয়নদের কাছে তৃতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বেঙ্গালুরু।