আগের ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। চতুর্থ টি-টোয়েন্টি জিতলে সিরিজও নিশ্চিত হতো। কিন্তু শিলাবৃষ্টিতে সব পরিকল্পনা ভেস্তে গেছে। রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয়েছে চতুর্থ ম্যাচ। তাতে পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে এগিয়ে আছে।
স্কোর: নিউ জিল্যান্ড ১৮.৫ ওভারে ১৬৪/৫
আবহাওয়া রিপোর্টে আগেই জানা গেছে, এদিন ম্যাচের যে কোনও সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বৃষ্টি। আর সেটা হয়েছে কিউ ইনিংসের একেবারে শেষ মুহূর্তে। টস জিতে শুরুতে সফরকারীদের ব্যাট করতে পাঠায় পাকিস্তান। বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও বিস্ফোরক ব্যাটিংয়ে পাকিস্তানের ওপর চড়াও ছিলেন শুধু দুই ব্যাটার। শুরুতে চ্যাড বাউয়েস। তিনি ৩৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে ফিরেছেন। তার পর আগ্রাসী ব্যাটিংটা করেছেন মার্ক চ্যাপম্যান। ৪২ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭১* রানে অপরাজিত ছিলেন তিনি। হয়তো শেষটাতেও অবদান রাখতে পারতেন। কিন্তু ১৮.৫ ওভারে রাচিন রবীন্দ্র আউট হতেই শুরু হয় শিলাবৃষ্টি। তার পর আর ম্যাচ শুরু করার মতো অবস্থা ছিল না।
১৯ রানে কিউইদের তিনটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। একটি করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
আজকের ম্যাচে একটি পরিবর্তন এনেছিল পাকিস্তান। নাসিম শাহকে বাদ দিয়ে ফেরানো হয় জামান খানকে। কিন্তু সাফল্য পাননি তিনি।