বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ১৩৪ রানে আটকে দেয় চেন্নাই সুপার কিংস। লক্ষ্যটা বড় ছিল না। ডেভন কনওয়ের ব্যাটে জয়টা সহজেই পেয়ে গেলো চারবারের চ্যাম্পিয়নরা। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ ও ৮৩ রান করার পর টানা তৃতীয় ফিফটি হাঁকিয়ে জয়ের নায়ক তিনি।
ঘরের মাঠে চলতি আইপিএলে চতুর্থ জয়ের দেখা পেলো চেন্নাই। ৮ বল হাতে রেখে সাত উইকেটে জিতলো তারা। ছয় ম্যাচে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের সমান ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মহেন্দ্র সিং ধোনির দল। আর হায়দরাবাদ টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ হারে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে।
আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটের বিনিময়ে একশ ত্রিশ ছাড়ায় হায়দরাবাদ। রবীন্দ্র জাদেজা টানা তিন ওভারে ৩ উইকেট নিয়ে তাদের রানের লাগাম টেনে ধরে রাখেন। অভিষেক শর্মা সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া দ্বিতীয় সেরা ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠী (২১)। হ্যারি ব্রুক (১৮), এইডেন মার্করাম (১২) ও হেনরিখ ক্লাসেনের (১৭) মতো ব্যাটাররা নিজেদের ছায়া হয়ে ছিলেন।
জাদেজা সর্বোচ্চ ৩ উইকেট নেন ২২ রান দিয়ে।
লক্ষ্যে নেমে সাবলীল ব্যাটিংয়ে চেন্নাই জয়ের বন্দরে পৌঁছায়, যাতে বড় অবদান কনওয়ের। নিউ জিল্যান্ডের ব্যাটার টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করেন। ৩৩ বলে ৮ চার ও ১ ছয়ে পঞ্চাশের ঘরে পৌঁছান তিনি।
রুতুরাজ গায়কোয়ার (৩৫) উদ্বোধনী জুটিতে ৮৭ রান তুলে ফিরে যান। জয়ের শক্ত ভিত আর ভাঙেনি। যদিও মায়াঙ্ক মারকান্ডে টানা দুই ওভারে দুটি উইকেট নেন। ৫৭ বলে ১২ চার ও ১ ছয়ে ৭৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান কনওয়ে। ১৯তম ওভারের চতুর্থ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে ১৩৮ রান তোলে চেন্নাই।