অনন্য ‘ডাবল সেঞ্চুরিতে’ আইপিএলে ধোনির ইতিহাস

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শুক্রবার আইপিএলে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজার বোলিংয়ের পর ডেভন কনওয়ে আগ্রাসী হাফ সেঞ্চুরিতে নায়ক হন। তবে উইকেটের পেছনে থেকে নিভৃতে ইতিহাস তৈরি করেছেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের ইতিহাসে অনন্য ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন চেন্নাই অধিনায়ক। ৪১ বছর বয়সী ধোনি প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসালের মালিক হলেন। ২৩৩তম আইপিএল ম্যাচ খেলতে নেমে একটি রানআউট, একটি ক্যাচ ও একটি স্টাম্পিংয়ে ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করলেন তিনি।

ডিসমিসালের হিসাবে সর্বকালের সেরা উইকেটকিপারের তালিকায় ধোনির পরে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিনেশ কার্তিক (১৮৭)। সাবেক বেঙ্গালুরু কিপার এবি ডি ভিলিয়ার্স ১৪০ ডিসমিসালে তিন নম্বরে।

কোথায় থামবেন ধোনি, ম্যাচ শেষে তার জবাব, ‘আমার ক্যারিয়ারের শেষ ধাপে সবকিছু উপভোগ করা গুরুত্বপূর্ণ। এখানে (চেন্নাই) এসে ভালো লাগছে। তারা অনেক ভালোবাসা দিয়েছে।’

৬ ম্যাচে চতুর্থ জয়ে চেন্নাই বর্তমানে তৃতীয় স্থানে। তাদের অর্জন ৮ পয়েন্ট।