প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারার পর একই ভেন্যুতে নতুন রূপে হাজির আয়ারল্যান্ড। গলে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে ২২ গজ শাসন করলেন তাদের ব্যাটাররা। ৪ উইকেট হারিয়ে ৩১৯ রানে সোমবারের খেলা শেষ করেছে সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দুই ওপেনার জেমস ম্যাককালাম (১০) ও পিটার মুর (৫) দ্রুত ফিরে যান। ৪৩ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরেন অ্যান্ডি বালবির্নি ও হ্যারি টেক্টর। দুজনের জুটিতে যোগ হয় ৪৬ রান।
তবে সারাদিনের ব্যাটিংয়ে আলো কেড়েছে বালবির্নি ও পল স্টার্লিংয়ের জুটি। টেক্টর ১৮ রানে প্রভাত জয়াসুরিয়ার শিকার হলে দুজনে জুটি বাঁধেন। এর আগে বালবির্নি ৪৩ বলে ১০ চারে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন।
চতুর্থ উইকেটে বালবির্নি ও স্টার্লিং লাঞ্চ পরবর্তী সেশন শেষ করে আসেন। আরও লম্বা হতে পারতো তাদের জুটি। কিন্তু চা বিরতির পর ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হন স্টার্লিং, ১৩৩ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭৪ রান করেন। দুজনে মিলে স্কোরবোর্ডে জমা করেন ১১৫ রান।
তার জায়গায় নেমে লরকান টাকার খারাপ করেননি। হাফ সেঞ্চুরি করেছেন তিনিও। তার সঙ্গে ২৮ রানের জুটি গড়ে বালবির্নি আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৫ রানের জন্য হয়নি সেঞ্চুরি। ১৬৩ বলে ৯৫ রান করে রমেশ মেন্ডিসের শিকার হন আইরিশ অধিনায়ক।
কার্টিস ক্যাম্ফারের সঙ্গে বাকি দিন পার করে আসেন টাকার। ১০২ বলে ১০ চারে ৭৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ক্যাম্ফার খেলছিলেন ২৭ রানে। দুজনের হার না মানা জুটি ৮৭ রানের।